সোনাতলায় ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে আবাদ - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
মামুন, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টা চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে তাদের ধারণা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার ৩৭৫ হেক্টর জমিতে ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার ৪৫০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। গত বছরের চেয়ে ৭৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ বেশি হয়েছে। ভালো ফলনের আশায় উপজেলার কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।।প্রতিদিন কৃষকদের নানারকম পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। উপজেলার ও টেকানিচুকাই নগর ইউনিয়নের চরঅঞ্চলে বেশি ভুট্টা চাষ হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। এছাড়াও নুরপুর, দিগদাইড়,জোড়গাছা, বালুয়াহাট, মধুপুর,সদর ও পৌর এলাকায় ভুট্টার চাষ করা হয়েছে।
উপজেলার পাকুল্লা ইউনিয়নের কৃষক রোমান বলেন, এলাকার যেসব জমিতে পূর্বে বোরো ধান চাষ করা হতো সেসব জমির বেশিরভাগেই আমরা এবার ভুট্টা চাষ করছি। বোরো চাষে খরচ অনেক বেশি অথচ কাটা মারাই শুরু হলে ধানের বাজারে ধস নামে।ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না।কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম দামও তেমন বেশি থাকে।এজন্য আমরা এবার ভুট্টা চাষে ঝুঁকে পড়েছি।
দিগদাইড় এলাকার কৃষক আব্দুল আজিজ বলেন,আশা করি ভুট্টার ফলন বাম্পার হবে,তবে ন্যায্য দাম পেলে কষ্ট সার্থক হবে।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ভুট্টা একটি লাভজনক ফসল। এলাকার কৃষকেরা যাতে যথাযথভাবে ভুট্টা উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারে এজন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের কাছে সরাসরি গিয়ে পরামর্শ দিচ্ছি। বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত রাখতেও পরিমিত পরিমাণ ঔষধ প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ হোসেন জানান, আমাদের উপজেলার পাকুল্লা ও তেকানি চুকাইনগর ইউনিয়নের চরঅঞ্চলে বেশি ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টা চাষের খরচ কম হয় এবং ফলন বেশি হয়। পাশাপাশি আমরা কৃষকদের ট্রেনিং এর ব্যবস্থা করেছি। সকল প্রকার ফসল উৎপাদনে আমরা আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি।যাতে করে কৃষকরা সহজভাবে কৃষি উপকরণ পায়। বিশেষ করে বীজ ও স্যারের জন্য সার্বক্ষণিক মনিটরিং করছি। আরো বলেন, এবার ভুট্টার ফলন ভালো হয়েছে এবং বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই