বদলগাছীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক জুতা ব্যবসায়ী - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত এবং অপর একজন আহত হয়েছে।
মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে বদলগাছী উপজেলার গোবরচাঁপা হাটের কাজির মোড় এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেলে পাহাড়পুর-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের গোবরচাঁপাহাটের কাজির মোড় নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক জুতা ব্যবসায়ীর মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪০)। সে জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদসা ইউনিয়নের দেউনাহার গ্রামের দবির উদ্দিনের ছেলে। নিহত আনোয়ার আখড়া বাজারের জুতার ব্যবসায়ী ছিলেন।
সড়ক দূর্ঘটনায় আহত ব্যাক্তি বদলগাছী উপজেলার মির্জাপুর এলাকার সানা হোসেন বলে জানা যায়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই