শিরোনাম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু - Chief TV - চিফ টিভি

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু - Chief TV - চিফ টিভি

                                                                                            ছবিঃ প্রতিনিধি

মাহাবুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ

৪মে ২০২৪ গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি।

জানা যায়, নিহতের নাম আল আমিন (১৯)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার বাসিন্দা আক্তার আলীর ছেলে। স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন আল আমিন। 

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার আল আমিন ও তার খালাতো ভাই শাকিল আহমেদসহ চারজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যান। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী প্রথমে তাদের নাম পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তা নিতে চায়। 

এক পর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করলে আল আমিন তাদের বাধা দেয়। এ সময়  ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে শাকিলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।

গাজীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আল আমিন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

কোন মন্তব্য নেই