কিশোরগঞ্জে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন - Chief TV - চিফ টিভি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করেছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিল্পী রানী রায়। এতে বিব্রত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে প্রতীক বরাদ্দের পর তিনি শহরের বিভিন্ন সড়কে সর্মথকদের সাথে নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন।
তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সেলাই মেশিন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী আচরণ বিধি ২০০৮ এর এর সংশোধনী (২০১৩) অনুযায়ী বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌ-যান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন নিয়ে মিছিল করা যাবে না কিংবা কোনো শোডাউন করা যাবে না। মনোনয়নপত্র দাখিলের সময়ও মিছিল কিংবা শোডাউন করা যাবে না । তবে এ নির্বাচনী আচরণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সমর্থকদের সাথে নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন তিনি।
এসময় আরও দেখা যায়, তিনি শোডাউনের সামনে মোটরসাইকেলে বসে আছে। সর্মথকরা তার পিছনে লাইন ধরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন।এসময়ে তারা উচ্চস্বরে মোটরসাইকেলের হর্ণ বাজায়।এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
এবিষয়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শিল্পী রানী রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে মন্তব্য পাওয়া যায় নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কোন ভাবেই কোন প্রার্থীর মোটরসাইকেল শোডাউন করার সুযোগ নাই। কেউ করে থাকলে সেটি অবশ্যই আচরণ বিধি লঙ্ঘন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি দেখে ব্যবস্থা নিবেন৷
এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

কোন মন্তব্য নেই