সারিয়াকান্দিতে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন দুই চেয়ারম্যান প্রার্থী - Chief TV - চিফ টিভি
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী। শনিবার সকালে সারিয়াকান্দি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে, আনারস প্রতীকের প্রার্থী মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজলকে সমর্থন দিয়ে, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন (মোটরসাইকেল) প্রতীকের আব্দুস সালাম ও (হেলিকপ্টার) প্রতীকের আশিক আহম্মেদ।নির্বাচন সমর্থক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্য নিশ্চিত করেছেন তারা।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম বলেন, প্রয়াত জননেতা আব্দুল মান্নান এর হাত ধরে আমার রাজনৈতিক জীবন শুরু। তার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি এবং আনারস প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন সজল কে সমর্থন জানাচ্ছি।
উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আশিক আহম্মেদ বলেন, আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
আমি আনারস মার্কার প্রার্থী সাখাওয়াত হোসেন সজল কে সমর্থন জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী-লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী কোরবান ফকির, আবু রায়হান বাদশা, সিরাজুল ইসলাম, আবু তাহের, বাবু শেখ ইসের ব্যাপারী,আনছার মন্ডল, তোফা ফকির প্রমুখ। খোঁজ নিয়ে জানা যায়, দুইজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে গেলেও মাঠে তিনজন প্রার্থী রয়েছেন, প্রার্থীরা হলেন,সাখাওয়াত হোসেন সজল, বর্তমান উপজেলা চেয়্যারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান আলী।

কোন মন্তব্য নেই