শিরোনাম

গফরগাঁওয়ে ডাম্প ট্রাকের নীচে পিষ্ট হয়ে অটোরিকশা আরোহী নিহত



 ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্প ট্রাক অটোরিকশার সংঘর্ষে ফাতেমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের বোন সেলিনা আক্তার (৫০) ও ভাগ্নি টুনি আক্তার (১৮) আহত হয়েছেন। নিহত ফাতেমা আক্তার উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী।

আহতরা হলেন উপজেলার ধোপাঘাট এলাকার নূরুল আমিনের স্ত্রী সেলিনা আক্তার ও মেয়ে টুনি আক্তার।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে গফরগাঁও -ভালুকা আঞ্চলিক মহাসড়কের ভারইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ফাতেমা আক্তার ছোট বোন সেলিনা আক্তার ও ভাগ্নি টুনি আক্তার বুধবার রাতে পৌর শহর থেকে ডাক্তার দেখিয়ে ব্যাটারীচালিত অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় গফরগাঁও -ভালুকা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ব্যাটারীচালিত অটোরিকশাটিকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ফারহানা ফারুক বৃষ্টি বলেন,সড়ক দুর্ঘটনায় আহত ফাতেমা আক্তারকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।

কোন মন্তব্য নেই