শিরোনাম

বাড্ডায় ছিনতাই করতে গিয়ে গ্রেফতার ৩

 


রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে আফতাবনগরের এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন: শাওন আলী (১৮), হৃদয় বাবু (১৯) ও রাকিবুল হাসান (১৪)

রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে আফতাবনগরের ই-ব্লক এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইকালে শাওন আলী, হৃদয় বাবু ও রাকিবুল হাসানকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশি করে শাওন ও হৃদয়ের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার তিনজন পরস্পর যোগসাজশে ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বাড্ডা থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই করত।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাড্ডা থানার মামলায় গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই