শিরোনাম

ভোটার তালিকা প্রণয়নে ‘আপগ্রেড’ চায় বিএনপি




 ‘বাড়ি বাড়ি যাওয়া নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নে আপগ্রেড’ চায় বিএনপি।


গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকালে দলের নির্বাচন সংস্কারবিষয়ক কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এ কথা বলেন।


তিনি বলেন, কোনদিন কার বয়স ১৮ বছর হয়ে যাবে সেটাও কিন্তু কম্পিউটার করে দিতে পারে। সেটার জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। বাড়ি বাড়ি যাওয়া অত্যন্ত সময়সাপেক্ষ এবং অপ্রয়োজনীয়। এটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যিনি মারা গেছেন, তার নামটা অটোমেটিক্যালি বাদ চলে যাবে। এই বিষয় (ভোটার তালিকা) আমরা সংস্কার প্রস্তাবে স্পষ্ট করে বলেছি এটা আপগ্রেড হবে।


মঈন খান বলেন, আসলে সত্যিকার অর্থে যদি অনেস্টলি সঠিক ভোটার তালিকা আমরা করতে চাই, তাহলে কিন্তু বাড়ি বাড়ি যাওয়া নয়, আজকে কিন্তু কম্পিউটারকে (এআই) বলে দিলে সে নিজেই করে দিতে পারে-সেটা একুয়রেট হবে।


সংবাদ সম্মেলনে তিনি বিগত সরকারের আমলে আরপিও’র সংশোধনে যে সম্পূরক আদেশ এনেছিল তা বাতিল, নির্বাচনি পরিচালনায় কিছু বিধিমালা সংশোধন, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা ও রাজনৈতিক দলের নিবন্ধনের নীতিমালা সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা আপগ্রেড করা, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, গণমাধ্যমের নির্বাচনি আচরণ বিধিমালাসহ ১০ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন। এই সংস্কার প্রস্তাবগুলো তারা সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশনের কাছে দিয়েছেন।


স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেছি, নির্বাচনের সচিবালয় করা এবং তাদের কিছু ক্ষমতা দেয়া ইত্যাদি। আমরা যেসব প্রস্তাব করেছি, সে অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া দ্রুত করা সম্ভব। প্রচলিত আইনগুলোর সংশোধন, সংস্কার, এগুলোর জন্য অধিক সময়ের প্রয়োজন হয় না।

কোন মন্তব্য নেই